
মোহাম্মদ দেলোয়ার হোসেন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:- চট্টগ্রামের উত্তর সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় ‘উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন আইনজীবী পরিষদ’-এর উদ্যোগে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের এই দাবিতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়ার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস এবং বিশিষ্ট সাংবাদিক জসিম উদ্দীন চৌধুরী সবুজ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ—অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ওসমান গনি খোকন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট নুরুল আবছার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শোয়েব আলী চৌধুরী, অ্যাডভোকেট এহেসানুল্লাহ মানিক, অ্যাডভোকেট রবিউল হোসেন, অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট অংকন চৌধুরী, অ্যাডভোকেট মোহা. ইরফান, অ্যাডভোকেট মাহফুজা সুলতানা ও অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান দেলোয়ার হোসেনসহ উত্তর সাতকানিয়া এলাকার অসংখ্য আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রশাসনিক সুবিধার সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণ এবং এলাকার জনগণের দীর্ঘদিনের যাতায়াত ও প্রশাসনিক ভোগান্তি নিরসনে ‘উত্তর সাতকানিয়া’কে পৃথক উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, উত্তর সাতকানিয়াবাসীর এই যৌক্তিক ও ন্যায্য দাবি বিবেচনা করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অগ্রায়নের উদ্যোগ নেবেন।