
মোঃ মাছুম মন্ডল
জয়পুরহাট জেলা প্রতিনিধি,
০৫/০৭/২০২৬/ইং রবিবার
জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভি পালন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার দুপুরে কালাই উপজেলা প্রশাসন মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভি পালনের মাধ্যমে তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কালাই উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।