
চট্টগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল করিম কচি। এতে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের প্রধান ওসমান জাহাগীর। আরও উপস্থিত ছিলেন অধিকার’র এইচআরডি সম্পাদক মজিব উল্লাহ তুষারসহ অধিকার চট্টগ্রাম মহানগরের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটাতে কার্যকর তদন্ত, সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি গুমের শিকার না হন, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, পরিবারের ন্যায়বিচার নিশ্চিত এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।