মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৯ শ্যালো মেশিন ও ১,২০০ ফুট পাইপ ধ্বংস

আরিফুল ইসলাম সিদ্দিকীঃ-
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলন করা বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়েছে।
রোববার উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উত্তোলিত বালু জব্দ করে প্রশাসন। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে নদীতীর ভাঙনসহ আশপাশের এলাকার জনজীবন ও কৃষিজমিও ঝুঁকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, সরকারি বিধিবিধান অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।