
চকরিয়া কক্সবাজার প্রতিনিধিঃ-মোঃ আব্দুল হক
কক্সবাজারের চকরিয়া থানাধীন বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের সঙ্গে অফিসার ইনচার্জের (ওসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থানা এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিশেষভাবে মাদক, ডিজিটাল জুয়া, ইভটিজিং, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের হটস্পট ও অপরাধ সংঘটনের সম্ভাব্য সময় চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তি ও অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গ্রাম পুলিশদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় দায়িত্ব পালনে ভালো কাজ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্রাম পুলিশদের পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানানো হয়। গ্রাম পুলিশদের কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
চকরিয়া থানা কর্তৃপক্ষ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা জনসাধারণের পাশে রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষকে যেকোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় চকরিয়াকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।