
চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাদক কারবারীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির অর্থ সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক রাজীব আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে সংঘবদ্ধ মাদক কারবারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকের ওপর এ ন্যক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সাংবাদিক রাজীব আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে দেশের গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধভাবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।