
বিশেষ প্রতিনিধি:মো.রবিউল ইসলাম
ঢাকা, ২৭ আগস্ট ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ (সিএমপি) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত এসব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
কোর অব মিলিটারি পুলিশের সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরটির ভূমিকার প্রশংসা করে এর প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।
পরে আরভিএন্ডএফ কোরের ৪র্থ বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি দেশের সেবায় এ কোরের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন।
সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরভিএন্ডএফ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে কোরের অধীন ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনগুলোতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফসি; কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তারাও সম্মেলনে অংশ নেন।