জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

বিশেষ প্রতিনিধি :মো.রবিউল ইসলাম
রাজধানীর মিন্টো রোডে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো-এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বৈঠকে জামায়াতে ইসলামীর আমীর দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াত ও ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা ও জনদুর্ভোগের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানেও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করছে। অতীতে প্রচলিত বিরোধীদলের যে নেতিবাচক রাজনৈতিক চর্চা ছিল, তা থেকে বেরিয়ে এসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথাও সম্পাদকদের জানানো হয়েছে।
তিনি জানান, সম্পাদকরা জামায়াতের এ নীতির প্রশংসা করেছেন। তাদের মতে, সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতের ভূমিকা কিছুটা ব্যতিক্রম। রাজপথে বিরোধীদলীয় কর্মসূচি থাকলেও দেশ যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগও তুলে ধরা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়া, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সংসদে ভূমিকা রাখছে। তবে এসব বিষয়ে প্রত্যাশিত ইনসাফপূর্ণ আচরণ পাওয়া যাচ্ছে না বলেও বৈঠকে অভিযোগ করা হয়।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে জামায়াতের আমীর সম্পাদকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান। গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক রাখতে বিরোধীদলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু বিরোধীদলের একক প্রচেষ্টায় সংসদকে কার্যকর রাখা সম্ভব নয়।
সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে এটি জামায়াতে ইসলামীর আমীরের প্রথম মতবিনিময় সভা বলেও জানান তিনি।