
মোঃ মাছুম মন্ডল,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৪/০৮/২০২৬/ইং
পাঁচবিবি তে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে জুয়ার কাজে ব্যবহৃত ২০টি অ্যাপসহ দুটি মোবাইল ফোন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজনকে গ্রেফতার করা হলেও চক্রের আরও একজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতাররা হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।
বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা-পাকড়তলী পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পলাতক সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান নিয়মিতভাবে চলবে।