
শাহিনুর ইসলাম: সাতক্ষীরা থেকে ফিরেঃ প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগ তুলে এবং জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর ওলামা দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু, সদস্য সচিব একরামুল হোসেন মিলন, পৌর বিএনপি নেতা কাজী মিয়ারাজ, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কলেজ ছাত্রদলের সভাপতি শাহজালাল, শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ ওলামা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের বক্তব্যকে বিকৃত করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী এ বিষয়টিকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের বক্তব্যের প্রকৃত বিষয় যাচাই না করে অপপ্রচার চালানো হচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা বক্তব্য বিকৃত করে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ সময় বক্তারা জেলা প্রশাসককে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র সাতক্ষীরাবাসী কখনো মেনে নেবে না উল্লেখ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ওলামা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।