বাংলাদেশপন্থি ও মেধাবী প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়বো: ইশরাক

বিতর্কিত অভিযানে সমালোচনার মুখে প্রতিমন্ত্রী পদ ছেড়ে এবার মাদকবিরোধী সংগঠন তৈরির ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ এর এমপি ইশরাক হোসেন। একইসঙ্গে বাংলাদেশপন্থি ও মেধাবী প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ইশরাক লিখেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।
পুলিশের সঙ্গে মিলে মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধের কথা জানিয়ে তিনি লিখেছেন, লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।
পোস্টে গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। ইশরাক লিখেছেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। এর সঙ্গে থাকবে তারা, যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হবো, ইনশাআল্লাহ।
মাদকবিরোধী অবস্থান থেকে সরবেন না জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাবো। আমরা বাংলাদেশপন্থি, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সর্বস্তরে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়। এই ঘটনার ধারাবাহিকতায় গত রোববার রাতে গুঞ্জন ছড়ায়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। এরপর গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক।