নগর সংবাদদাতা:- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওয়াকিল হোসেন বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন ওয়াকিল হোসেন বগা। আদালতের বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালায়। সিএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ওয়াকিল হোসেন বগা নগরীর চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা বিচারাধীন। বিচারক সার্বিক দিক বিবেচনা করে তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত