জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় চট্টগ্রাম ডিসি পার্কের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিসি পার্কে আয়োজিত পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম জনাব সালমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ যে মাছের পোনা অবমুক্ত করা হলো, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখা। পাশাপাশি দেশের মৎস্যসম্পদের উন্নয়নের মাধ্যমে রপ্তানির বাজার আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।
তিনি বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি জলাশয় ও পুকুরগুলোতে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মধ্যে মাছ চাষ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত