চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার সিএমবি এলাকায় এক অদম্য ও সাহসিকতাপূর্ণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। রাতের আঁধারে জীবনের চরম ঝুঁকি নিয়ে টানা ৪০ মিনিট চোরদের ধাওয়া করে অবশেষে ১২৫ কেজি তারসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেন সিএমপির উপ-পরিদর্শক (এসআই) শাহ নওয়াজ। এই দুঃসাহসী পদক্ষেপে অপরাধ দমন ও নগরবাসীর সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসায় ভাসছেন এই কর্মকর্তা ও চান্দগাঁও থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে সিএমবি এলাকায় একদল সংবদ্ধ চোর বৈদ্যুতিক তার (টি-অ্যান্টিন্যা/ক্যাবল) কেটে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামেন এসআই শাহ নওয়াজ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা দ্রুত সিএনজি অটোরিকশা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। কৌশলগত অবস্থান নিয়ে এসআই শাহ নওয়াজ ও তাঁর টিম রাতের নীরবতা ভেঙে চোরচক্রের পিছু নেন। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে প্রায় ৪০ মিনিট ধরে চলা এই টানটান উত্তেজনাকর ধাওয়ার মুখে একপর্যায়ে চোরেরা গাড়ি ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে ফেলে যাওয়া সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১২৫ কেজি চোরাই তার ও ক্যাবল কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত তারের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য।
রাতের অন্ধকারে নিজের জীবনের তোয়াক্কা না করে দায়িত্ববোধ থেকে এমন অকুতোভয় অভিযান চালানোয় এসআই শাহ নওয়াজের ভূমিকা পুরো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাই তাঁর এই পেশাদারত্ব ও সাহসিকতার ভুয়সী প্রশংসা করছেন।
চান্দগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত পলাতক চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত