আরিফুল ইসলাম সিদ্দিকীঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের (জেটিএমএল) ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক স্বাগত বক্তব্য দেন। পরে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করা হয়।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পক্ষে বিটিএমসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বক্তব্য দেন।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি সেনাবাহিনীর আধুনিকায়নের এ কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ উদ্যোগ বাস্তবায়নে তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সমাদৃত ও প্রতিযোগিতামূলক করে তুলতে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে দেশের প্রতিরক্ষা শিল্প এবং সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের মাধ্যমে দেশে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন সক্ষমতা বাড়বে। এর ফলে প্রতিরক্ষা খাতে বৈদেশিক নির্ভরতা কমার পাশাপাশি দেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে।
তাঁরা আরও জানান, বিওএফের সম্প্রসারণ দেশের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ভারপ্রাপ্ত জিওসি আর্টডক ও কমান্ড্যান্ট বিএমএ, কমান্ড্যান্ট ইবিআরসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা।
জলিল টেক্সটাইল মিলসের প্রায় ৫৫ একর জমি বিওএফ সম্প্রসারণে ব্যবহারের এই উদ্যোগকে দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং সমরাস্ত্র উৎপাদনে দীর্ঘমেয়াদি স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত