নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:- চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ট্রাঙ্ক রোডে চট্টগ্রাম সিএমপি আকবর শাহ থানা এরিয়া সাগরপাড়ে খোলা আকাশের নিচে অনুমোদনহীন ভাবে তেল মজুত ও বিক্রির অভিযোগ উঠেছে ইয়াসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত চোরাই তেল এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে বড় ধরনের অগ্নিকাণ্ড ও জননিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, তেল সংরক্ষণ ও বিক্রির জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন বা বিস্ফোরক লাইসেন্স তাদের নেই। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই খোলা পরিবেশে দাহ্য পদার্থ মজুত ও বেচাকেনা করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, জনবহুল এলাকায় এভাবে খোলা আকাশের নিচে দাহ্য তেল মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ট্রাঙ্ক রোডের মতো ব্যস্ত এলাকায় এমন কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ওই এলাকায় অবৈধ তেল বেচাকেনা দিন দিন বেড়ে চলেছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত, তেলের বৈধ উৎস ও কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সচেতন মহলের দাবি, বিস্ফোরক অধিদপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান চালিয়ে বিষয়টি তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
প্রশাসনের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই ঝুঁকিপূর্ণ এই তেল ব্যবসা বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত