হক চকরিয়া প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নবগঠিত মালুমঘাট, পহরচাঁদা ও উত্তর হারবাং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউল রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৬ আগস্ট ২০২৬ এ অনুমোদন দেওয়া হয়। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন অনুযায়ী, মালুমঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী- ইফতেখারুল আলম। পহরচাঁদা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং উত্তর হারবাং ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- দিলীপ দে।
চিঠিতে বলা হয়েছে, নবগঠিত ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এসব কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রশাসক নিয়োগের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। তবে দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারিসহ কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বৃদ্ধির জন্য যথাযথ কারণ উল্লেখ করে সরকারের অনুমোদন নিতে হবে।
চকরিয়ায় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন তিন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে হারবাং ইউনিয়ন থেকে উত্তর হারবাং, বরইতলী ইউনিয়ন থেকে পহরচাঁদা এবং ডুলাহাজারা ইউনিয়ন থেকে মালুমঘাট ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নতুন ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত