আরিফুল ইসলাম সিদ্দিকী।
চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশনের কার্যক্রম নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্তে পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন। এ নিয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে।’ তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী ধরনের ব্যবস্থা নেবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একই অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নয়নে সময় প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এর কিছু ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সময়ে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং যেসব উদ্যোগ শুরু হয়েছে, সেগুলো ইতিবাচকভাবে মূল্যায়িত হবে বলে তিনি আশা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে বলে তিনি দাবি করেন।
জ্বালানি নিরাপত্তায় নতুন পরিকল্পনা
দেশের জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট এড়াতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহেশখালীতে আরও একটি এফএসআরইউ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে জরিপ চলছে। জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এফএসআরইউ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব স্থাপনায় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। অতীতে সরকারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।
দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর
গ্যাস খাতে আমদানি নির্ভরতা কমানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে গ্যাসের ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় উৎসের গ্যাসের মাধ্যমে দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করা সম্ভব হবে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এ খাতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়নের পথে রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন নিয়ে মন্তব্য
জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি এখনও দেখেননি। প্রতিবেদনে কিছু পর্যবেক্ষণ থাকার কথা শুনেছেন। তবে প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেদন যদি অনুমাননির্ভর হয়, তাহলে শুধু অনুমানের ভিত্তিতে সরকার কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে না। প্রতিবেদনটি হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় মন্তব্য করা হবে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত