বিশেষ প্রতিনিধি: মো: রবিউল ইসলাম:- ঢাকা, ৪ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাস অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান জোটের নেতারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জোটের নেতারা জানান, ৫ আগস্টের গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, গ্যাস সংকট নিরসন, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই জাতীয় সনদ এবং গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত