আসাদ চৌধুরী:- বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। সারা দেশ তথা ৬৪ জেলা থেকেই প্রতিদিন হাজার হাজার রোগী উন্নত চিকিৎসার আশায় এসব হাসপাতালে আসেন। কিন্তু পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তি ও আর্থিক জরিমানার মুখে পড়ছেন রোগীর স্বজন এবং পেশাদার গাড়িচালকেরা।
পার্কিং সংকটে কাহিল রোগী ও স্বজন
নগরীর মেট্রোপলিটন হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, সিএসসিআর, শেভরন, পার্কভিউ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কগুলোতে প্রতিনিয়ত দেখা যায় এই চিত্র। নামিদামি এসব হাসপাতালের অধিকাংশের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। যেসব হাসপাতালে পার্কিং রয়েছে, সেখানেও ধারণক্ষমতার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল।
উদাহরণস্বরূপ, যে হাসপাতালে প্রতিদিন অন্তত ১০০টি গাড়ি পার্কিংয়ের চাহিদা রয়েছে, সেখানে পার্কিং স্পেস আছে মাত্র ২৫ থেকে ৩০টি গাড়ির। আবার সেই সীমিত জায়গাও দখল করে রাখে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স কিংবা দায়িত্বরত চিকিৎসকদের গাড়ি। ফলে বাধ্য হয়েই রোগীর গাড়ি কিংবা ভাড়াটে ট্যাক্সি-মাইক্রোবাস রাস্তার পাশে পার্ক করতে হয়।
জরিমানা গুনছে নিরীহ চালকেরা
প্রধান সড়কের ওপর গাড়ি রাখা মাত্রই পড়তে হচ্ছে ট্রাফিক পুলিশের মামলার মুখে। জরিমানা গুনতে হচ্ছে গাড়ির মালিক কিংবা সাধারণ চালকদের। ভুক্তভোগী এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা গরিব মানুষ, রোগীর টানে এখানে আসি। হাসপাতালে ঢোকার পার্কিং জায়গা না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়ালে পুলিশ মামলা দিয়ে দেয়। মূল অপরাধ তো হাসপাতালের, যারা পার্কিং ছাড়া হাসপাতাল খুলে বসেছে। আমাদের মামলা না দিয়ে ট্রাফিক বিভাগের উচিত এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।"
রোগীর স্বজনদেরও একই দাবি—জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে সঠিক পার্কিং সুবিধা পাওয়া তাদের মৌলিক অধিকার। বড় বড় ফি নিয়ে চিকিৎসাসেবা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিং সুব্যবস্থা নিশ্চিতে একেবারেই উদাসীন।
নগরবাসীর দাবি
নগর বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের মতে, হাসপাতাল অনুমোদনের সময় পর্যাপ্ত পার্কিং স্পেস রাখার নিয়ম থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অবিলম্বে নগর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ট্রাফিক বিভাগকে যৌথভাবে পদক্ষেপ নিয়ে এসব হাসপাতালের পার্কিং সংকট সমাধান এবং নিয়ম না মানা হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হচ্ছে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত